দাবি আদায়ে অনড়, শিক্ষকদের আন্দোলনে বিএনপির একাত্মতা
- আপডেটেড: সোমবার ২০ Oct ২০২৫
- / পঠিত : ২৫৯ বার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন নবম দিনে গড়িয়েছে। দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা। এর মধ্যেই সরকার মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। এটিকে ‘প্রাথমিক বিজয়’ হিসেবে উল্লেখ করলেও পূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনস্থলে এক সংবাদ সম্মেলনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ নতুন কর্মসূচি ঘোষণা করে। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, দাবি আদায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করা হবে। তিনি বলেন, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। এরইমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রায় সবাই অসুস্থ।”
আন্দোলনে কোনো প্রাণহানি ঘটলে তার জন্য শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে দায়ী করে অধ্যক্ষ আজীজি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হলে সারা দেশ থেকে লং মার্চ করে তার অফিসে তালা দেওয়া হবে। ২২ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।” তিনি শিক্ষকদের প্রতি আবরারের অধীনে সব প্রশিক্ষণ বর্জনেরও আহ্বান জানান।
এদিকে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে সোমবার শহীদ মিনারে যান বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই, তাহলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
উল্লেখ্য, গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। পরে পুলিশের অনুরোধে শহীদ মিনারে স্থানান্তরিত হলেও সেখানে পুলিশি অ্যাকশনের শিকার হন শিক্ষকরা। এর প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। এর আগে শিক্ষকরা সচিবালয় অভিমুখে লংমার্চ, শাহবাগ অবরোধ এবং রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে ‘ভুখা মিছিল’-এর মতো কর্মসূচিও পালন করেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















