আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

কাশিতে ফাঁস জালিয়াতি, ডিভাইসসহ ধরা পড়লেন যুবক

  • আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
  • / পঠিত : ৯২ বার

কাশিতে ফাঁস জালিয়াতি, ডিভাইসসহ ধরা পড়লেন যুবক

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালে দিনাজপুরে দুইটি ডিভাইসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরীক্ষা চলাকালীন কয়েকবার কাশি দেওয়ায় কর্তব্যরত শিক্ষক ও পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে দিনাজপুর শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম কৃষ্ণকান্ত রায়। তিনি বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। গত বছর তিনি স্নাতক সম্পন্ন করেন এবং দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থাকতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় চাকরির পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছেন। তিনি ঢাকাভিত্তিক একটি চক্রের সহায়তায় এসব ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নেন। ওই চক্রের সদস্যরা তাকে নির্দেশ দিয়েছিল—প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে একাধিকবার কাশি দেওয়ার কারণে ধরা পড়ে যান তিনি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, ওই কেন্দ্রে এক পরীক্ষার্থী ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সেটি কোন পরীক্ষার্থী তা অস্পষ্ট ছিল। আমরা বিশেষ নজরদারিতে রেখেছিলাম। পরে ১০১ নম্বর রুমের ওই শিক্ষার্থীর প্রতি সন্দেহ হয়। একপর্যায়ে আমরা তাকে তল্লাশি করি এবং সত্যটি বেরিয়ে আসে।’

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, ‘জালিয়াতির সঙ্গে জড়িত এক পরীক্ষার্থীকে ইতোমধ্যে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি আমরা। পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বড় একটি চক্র। আমরা পুরো চক্রটি ধরতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ আইনের আওতায় আনতে কাজ করছি।’


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba