আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ৩ বাহিনীর প্রধান

  • আপডেটেড: বুধবার ০৩ Dec ২০২৫
  • / পঠিত : ২৬ বার

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ৩ বাহিনীর প্রধান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পরপর উপস্থিত হয়েছেন দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।রাত সাড়ে আটটার পর সেনা ও নৌ বাহিনীর প্রধান হাসপাতাল চত্বরে পৌঁছান। তারা চিকিৎসক দলের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। রাত ৯টার পর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান হাসপাতাল ত্যাগ করলেও নৌবাহিনী প্রধান তখনও ভেতরে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পরই বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। রাত সাড়ে নয়টার সময়ও দুই বাহিনী প্রধান সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, তিন বাহিনীর প্রধানেরা মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির পর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। হাসপাতালের মূল ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে হাসপাতালের বাইরে বিএনপি নেতাকর্মীদের ভিড় বেড়েছে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অপ্রয়োজনীয়ভাবে হাসপাতালে জড়ো না হওয়ার অনুরোধ জানিয়েছেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba