আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

আদালতের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশি কারাগারে ৬ ভারতীয় নাগরিক

  • আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
  • / পঠিত : ১০৮ বার

আদালতের নির্দেশ উপেক্ষা, বাংলাদেশি কারাগারে ৬ ভারতীয় নাগরিক

কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও বাংলাদেশি কারাগারে আটকে থাকা অন্তঃসত্ত্বা নারীসহ নিজেদের ছয় নাগরিককে ফেরত আনেনি ভারতের কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।

শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজসেবা মন্ত্রী শশি পাঞ্জা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘তাদের বাংলাদেশে পাঠানো ভুল ছিল। তৃণমূল কংগ্রেস তাদের জন্য লড়াই করেছে... তাদের ফিরিয়ে আনতে কেন্দ্র সরকার একটি উদ্যোগও নেয়নি। তাই ওই ৬ জন বাংলাদেশে রয়ে গেছেন’।

একই সুরে রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম জানান, বাংলাদেশের একটি আদালতও নিশ্চিত করেছে যে ওই ছয়জন বাংলাদেশি নন এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলেছে। তার অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আইন বা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নয়। তিনি বলেন, ‘তারা কলকাতা আদালতের বাধ্যতামূলক নির্দেশনা পালন করেনি এবং এক অন্তঃসত্ত্বা নারীর কষ্ট আরও বাড়িয়েছে’।

ভুক্তভোগী এই ছয়জনই কলকাতার বীরভূমের বাসিন্দা। তারা হলেন—সোনালী বিবি, তার স্বামী দানিশ শেখ ও তাদের এক অপ্রাপ্তবয়স্ক সন্তান। এছাড়া রয়েছেন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ান। এদের মধ্যে সোনালী বিবি অন্তঃসত্ত্বা। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর সোনালী বিবির বাবা বদু শেখ এবং সুইটি বিবির ভাই আমির খানের করা একটি আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে ওই ছয়জনকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন।

আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, এই ছয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পদ্ধতিগত নিয়ম মানা হয়নি। ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও আইনানুগ প্রক্রিয়া যে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, সে বিষয়টি তুলে ধরে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba