আজঃ মঙ্গলবার ২৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

তাজুল ইসলাম: নতুন সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক

  • আপডেটেড: সোমবার ২৩ Feb ২০২৬
  • / পঠিত : ৩৯ বার

তাজুল ইসলাম: নতুন সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক

নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দনীয় ব্যক্তিদের নিয়োগ দেবে, এটাই স্বাভাবিক নিয়ম, এতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি পাওয়ার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নতুন সরকারের অধিকার আছে নিজেদের পছন্দ অনুযায়ী লোক বসানোর। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে বিস্ময়ের কিছু নেই।

তিনি বলেন, নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট আমিনুল ইসলামকে তিনি স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি শুভেচ্ছা প্রকাশ করেছেন।

আমি আশা করি, তিনি আমাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সফলভাবে সম্পন্ন করবেন, যোগ করেন তিনি।

সকালে তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে তাজুল ইসলাম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

নিজের দায়িত্বকালের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় ট্রাইব্যুনালের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মূল ভবনটি পরিত্যক্ত ছিল, কার্যক্রম চলছিল টিনশেডে। আগের প্রসিকিউশন টিম নথিপত্র এলোমেলো করে রেখে গিয়েছিল, অনেক কাগজপত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছিল, বলেন তিনি।

পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে তাজুল ইসলাম বলেন, শুরুতে সরকার জানিয়েছিল বিদ্যমান ব্যবস্থাপনা বহাল থাকবে। তবে পরে তাকে জানানো হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

তিনি তখন নিজ থেকেই পদত্যাগের প্রসঙ্গ তুললেও সরকার জানিয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে রিপ্লেস করা হবে।

আমি পদত্যাগ করলে ভিন্ন ধরনের বার্তা যেতে পারত। তাই স্বাভাবিক প্রক্রিয়াতেই পরিবর্তন হওয়াই যুক্তিযুক্ত ছিল, বলেন তিনি।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba