আজঃ শুক্রবার ০৩-০৪-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কৃষকের মুখে হাসি ফোটানোই লক্ষ্য: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • আপডেটেড: রবিবার ২৯ Mar ২০২৬
  • / পঠিত : ৯৬ বার

কেশবপুরে বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন; কৃষকের মুখে হাসি ফোটানোই লক্ষ্য: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে এই মহতী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। আমরা পুনরায় সেই উদ্যোগকে বেগবান করে কৃষকের মুখে হাসি ফোটাতে চাই।

শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলি স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত ‘বুড়ুলি খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ জলাবদ্ধতা। আমরা কার্যকর উদ্যোগের মাধ্যমে এই অভিশাপ লাঘব করতে চাই। ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হবে এবং কয়েক হাজার একর কৃষিজমিতে ফসল উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুনুর রশীদ এবং যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য দেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী। তিনি ভবদহ এলাকার চলমান পানি নিষ্কাশন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে বুড়ুলি খালের পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় পরিবেশ রক্ষার প্রতীক হিসেবে তিনি একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জুলমত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba