হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরোনো মামলা
- আপডেটেড: শুক্রবার ০৩ জুলাই ২০২৬
- / পঠিত : ৭০ বার

দীর্ঘদিনের মামলা জট কমাতে চলমান বিশেষ কার্যক্রমের আওতায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনেই ২ হাজার ৪১১টি পুরোনো মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৬৫৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৭৫৬টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। সব মিলিয়ে একদিনে মোট ২ হাজার ৪১১টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়।
সুপ্রিম কোর্টের তথ্যমতে, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন এসব বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে।
এ পর্যন্ত ছয় কার্যদিবসে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ১৯ হাজার ৮৩৬টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ মোট ২৬ হাজার ৫৬০টি পুরোনো মামলার নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা ও গতি বাড়ানোর লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আদালতের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















