আজঃ মঙ্গলবার ১১-০৮-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

১৮০ দিনের কাজের হিসাব দেবে সরকার, জনগণের সামনে আসবেন প্রধানমন্ত্রী

  • আপডেটেড: মঙ্গলবার ১১ Aug ২০২৬
  • / পঠিত : ৫৪ বার

১৮০ দিনের কাজের হিসাব দেবে সরকার, জনগণের সামনে আসবেন প্রধানমন্ত্রী

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে কী কাজ হয়েছে, কোথায় অগ্রগতি এসেছে এবং কোন ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি—তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ছয় মাসের কার্যক্রমের এই মূল্যায়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কতটা কাজ এগিয়েছে, কোন উদ্যোগে কী ফল এসেছে এবং কোথায় ঘাটতি রয়েছে—এসব বিষয়ও মূল্যায়নের আওতায় রাখা হয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য। সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

মূল্যায়ন শেষে ছয় মাসের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
সরকারের ১৮০ দিনের কার্যক্রমের মধ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রেলসেবা সম্প্রসারণে নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।জাহেদ উর রহমান বলেন, আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণের ক্ষেত্রে এরই মধ্যে অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

সরকারের প্রথম ছয় মাসের এই মূল্যায়নের মধ্য দিয়ে শুধু অর্জনের চিত্রই নয়, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয়ও স্পষ্ট হবে বলে জানান তথ্য উপদেষ্টা। ১৮০ দিন পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী সরকারের কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র জনগণের সামনে তুলে ধরবেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba