অনলাইন ও কাউন্টারে বাসের আগাম টিকিট বিক্রি শুরু
- আপডেটেড: শুক্রবার ০৮ মে ২০২৬
- / পঠিত : ৭৭ বার

ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমে টিকিট বিক্রি করছে বিভিন্ন বাস কোম্পানি।
এবার ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ থেকে যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।
রাজধানীর শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপক জীবন চক্রবর্তী জানান, সকাল থেকে তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৪ মে রাতের, ২৫ মে সারাদিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু। এ কারণে ওই সময়ের টিকিটে চাপ তুলনামূলক বেশি। সকাল ১০টা পর্যন্ত এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















