আজঃ সোমবার ১৪-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন

  • আপডেটেড: সোমবার ১৪ Sep ২০২৬
  • / পঠিত : ৪ বার

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন

 দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাদের ঘুষ ও চরম লুটপাটের ফলেই বর্তমানে জনজীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রশাসনে যে অনিয়ম ও চুরির সংস্কৃতি তৈরি হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ শাসনকালে আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় কোষাগার পুরোপুরি লুণ্ঠন করেছে। বিদেশি সাহায্যের অর্থ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।

স্পিকার বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে অপরাধীদের বিচার হলেও বাংলাদেশে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি। দেশে দিনের পর দিন অন্যায়-অবিচারের শিকার হয়েও মানুষ কোনো বিচার পায় না।

প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা উল্লেখ করে তিনি বলেন, লন্ডনেই তাঁর ৩৬০টি বাড়ি ছাড়াও দুবাই ও আমেরিকায় অগাধ সম্পদ রয়েছে—যা মূলত জনগণের লুণ্ঠিত অর্থ। এখনো প্রশাসনে তাদের দোসররা বহাল থাকায় অপকর্মের প্রকৃত চিত্র পুরোপুরি জনগণের সামনে আসছে না।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পূর্ববর্তী সরকারের দ্বিপক্ষীয় নীতির কড়া সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়ে রাখতে চায় এবং বিগত সরকার ১৬-১৭ বছর ধরে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে।

বিভিন্ন অসম চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জাহাজকে বসিয়ে রাখা এবং নামমাত্র শুল্কে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়েছে, যা দেশীয় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করছে।

এছাড়া সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো সীমান্তে এমন ঘটনা না ঘটলেও বাংলাদেশে প্রতিদিন নিরীহ মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে এবং নিজেদের ভাগ্য গড়তে বিগত আওয়ামী লীগ সরকার দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ অন্যের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba