আজঃ শুক্রবার ১৮-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

আঞ্চলিক উত্তেজনার মধ্যে মিশর-সৌদি সম্পর্ক জোরদার

  • আপডেটেড: শুক্রবার ১৮ Sep ২০২৬
  • / পঠিত : ১৮ বার

আঞ্চলিক উত্তেজনার মধ্যে মিশর-সৌদি সম্পর্ক জোরদার

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

সিজিটিএন’র এক প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিসি ও মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করতে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।

মিশরের প্রেসিডেন্ট সৌদি আরবের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেসব হামলা বা হুমকি রয়েছে, তার নিন্দা জানান।

সৌদি আরবের নিরাপত্তা সুরক্ষায় রিয়াদের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি মিশরের সমর্থন পুনর্ব্যক্ত করেন সিসি। একই সঙ্গে ইয়েমেনের সংঘাতের একটি ব্যাপক ও টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান তিনি।

অপরদিকে মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় মিশরের ভূমিকার প্রশংসা করেন। সাম্প্রতিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সৌদি আরবের প্রতি কায়রোর সংহতির জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি আন্দোলনকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হলো। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কায়রো ও রিয়াদের মধ্যে আলোচনাটিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রসঙ্গত, মিশর ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা করে আসছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba