আজঃ রবিবার ২৩-০৮-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে চান মাওলানা হাসান আল মামুন

  • আপডেটেড: শনিবার ২২ Aug ২০২৬
  • / পঠিত : ১১৬ বার

ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে চান মাওলানা হাসান আল মামুন

ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে চান মাওলানা হাসান আল মামুন


মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ১নং রোহিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাসান আল মামুন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি রোহিতা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করছেন। ধনী-গরিব, কৃষক-শ্রমিক, ভ্যানচালকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও নাগরিক অধিকার নিয়ে কথা বলছেন তিনি।


স্থানীয় সূত্রে জানা যায়, রোহিতা ইউনিয়নের রোহিতা গ্রামের বিশ্বাস পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা হাসান আল মামুন। তিনি স্কুল ও মাদরাসায় শিক্ষাজীবন সম্পন্ন করেন। বর্তমানে তিনি মারকাযুল উলূম আল ইসলামিয়্যাহ বালক-বালিকা কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাদরাসা শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিবছর শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


গণসংযোগকালে মাওলানা হাসান আল মামুন বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মানবিক ও জনবান্ধব রোহিতা ইউনিয়ন গড়তে চাই। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সকলের পাশে থাকতে চাই।”


তিনি আরও বলেন, ইউনিয়নের সরকারি বরাদ্দ ও বিভিন্ন সরকারি সুবিধা পেতে কাউকে কোনো অর্থ দিতে হবে না। প্রকৃত অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের তালিকা প্রণয়ন করে তাদের প্রাপ্য সরকারি সুবিধা স্বচ্ছতার সঙ্গে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


মাওলানা হাসান আল মামুন বলেন, অসহায়-দরিদ্র, কৃষক, শ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পৃথক তালিকা তৈরি করে তাদের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ধাপে ধাপে সহযোগিতা এবং সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।


তিনি বলেন, “মানুষের অধিকার, মানুষের মর্যাদা—সবার আগে।”


গণসংযোগকালে তিনি রোহিতা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এ গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রয়েছে।



নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba