আজঃ বুধবার ০৯-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি

  • আপডেটেড: বুধবার ০৯ Sep ২০২৬
  • / পঠিত : ২ বার

স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি।

সিইসি বলেন, ‘আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচন করতে পারবেন। গ্যারান্টি দিতে পারি, কোনো বে-আইনি নির্দেশনা আমরা দেবো না।’

আজ বুধবার ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে এ প্রতিশ্রুতির কথা জানান সিইসি। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সিইসি বলেন, ‘আমাদের কমিটমেন্টে কোনো ঘাটতি নেই। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সময় পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। আমি গ্যারান্টি দিতে পারি। তারাও (পুলিশ) ওয়াদা করেছেন যে, তারা একটি সুন্দর, ক্রেডিবল নির্বাচন করার জন্য কাজ করবেন।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা। আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি, একইভাবে অন্তত একই মানে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। একটি ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা করতে পারি, সেজন্য পুলিশের সহায়তা চেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নির্বাচন কমিশনকে সহায়তা করার বিষয়ে পূর্ণ কমিটমেন্ট রয়েছে।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার, তেমনি তাদেরও (পুলিশ) আমাদের সহায়তা করা এবং সুন্দর একটি নির্বাচন করার ক্ষেত্রে আইনি দায়িত্ব রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনে ফলাফলের মাধ্যমে প্রমাণ করেছি যে, আমরা পারি। নির্বাচন কমিশনের ওপর যে মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, সেটি আমরা অনেকাংশে পুনরুদ্ধার করতে পেরেছি। সিভিল সার্ভিস থেকে শুরু করে পুলিশ এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট হয়েছিল, সেটাও পুনরুদ্ধার হয়েছে।’

পুলিশের পাশাপাশি পর্যায়ক্রমে বিজিবি ও আনসারও প্রশিক্ষণ শুরু করবে জানিয়ে সিইসি বলেন, ‘সবাই মিলে আমরা একটি সুন্দর স্থানীয় সরকার নির্বাচন জাতিকে উপহার দিতে পারববো, সেই প্রত্যাশা করছি।’

এমন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এই পরিস্থিতিটা নতুন না। আপনারা তো চব্বিশের আগস্টের পরের পরিস্থিতি দেখেছেন। জাতীয় নির্বাচনে যে অবস্থা ছিল, সেই অবস্থার চেয়ে এখনকার অবস্থা খারাপ না; বরং আরও ইমপ্রুভ করেছে। আমার পুলিশের ওপর আস্থা আছে। তারা যদি তাদের কমিটমেন্ট পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তাহলে তারা পারবেন। আইজিপিও কথা দিয়েছেন যে, তিনি পারবেন।’

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba