এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে কারাগারে!
- আপডেটেড: মঙ্গলবার ১৪ Oct ২০২৫
- / পঠিত : ২৩২ বার

দেশের বিচার ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জামিন পাওয়ার পরও কারামুক্তিতে দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে অনলাইনে বেল বন্ড বা জামিননামা পাঠানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে এক ক্লিকেই আদালতের জামিন আদেশ সরাসরি কারাগারে পৌঁছে যাবে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে জামিনের পর মুক্তি পেতে একজন ব্যক্তিকে ১২টি ধাপ পার হতে হয়, যেখানে বিভিন্ন পর্যায়ে হয়রানি ও অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এই জটিলতা নিরসনের লক্ষ্যেই নতুন এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।
আইন উপদেষ্টা নতুন এই প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে’। বুধবার থেকে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
‘অ্যাটর্নি জেনারেলের অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















