১ ও ২ টাকার মুদ্রা লেনদেনে অনীহা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
- আপডেটেড: শুক্রবার ১৭ Oct ২০২৫
- / পঠিত : ২৩৫ বার

এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেনে অস্বীকৃতি জানানোকে আইনবিরোধী বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অনেকে এই মুদ্রাগুলো গ্রহণে অনীহা দেখাচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে সর্বসাধারণের উদ্দেশে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, কাগুজে নোটের মতো প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাও দেশের বৈধ মুদ্রা। তাই এগুলো লেনদেনে ব্যবহার না করার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে জনগণের প্রতি এক ও দুই টাকার কয়েন স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানালে তা দেশের প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানানো হয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















