আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ঢাকায় মাথাপিছু আয় দ্বিগুণ, মোট জিডিপির প্রায় অর্ধেক এখন ঢাকাকেন্দ্রিক

  • আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
  • / পঠিত : ১০৭ বার

ঢাকায় মাথাপিছু আয় দ্বিগুণ, মোট জিডিপির প্রায় অর্ধেক এখন ঢাকাকেন্দ্রিক

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক এবং জাতীয় কর্মসংস্থানের ৪০ শতাংশও রাজধানীতে, এমন চিত্র উঠে এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) পরিচালিত সর্বশেষ ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) জরিপে।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকায় ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জরিপের বিস্তারিত উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

জরিপে বলা হয়, দেশের গড় মাথাপিছু আয় বর্তমানে ২,৮২০ ডলার হলেও ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ- ৫,১৬৩ ডলার। অর্থাৎ জাতীয় আয়ের সবচেয়ে বড় অংশ এখন রাজধানীভিত্তিক, যা দেশের অর্থনৈতিক বৈষম্যের একটি স্পষ্ট চিত্রও তুলে ধরে।

ত্রৈমাসিক ভিত্তিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের লক্ষ্যে করা এই ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগসহ নানা খাতের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের শহুরে জনসংখ্যার ৩২ শতাংশ এবং মোট জনসংখ্যার ১১.২ শতাংশের বসবাস ঢাকায়, যা এশিয়ার অন্যতম উচ্চতম নগরঘনত্বের উদাহরণ।

এছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশই আসে ঢাকাকেন্দ্রিক শিল্প ও প্রতিষ্ঠান থেকে। উৎপাদন খাতের ৫৫.৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ৩৬৫টি প্রতিষ্ঠান, সেবা খাতে ২৮৯টি প্রতিষ্ঠান এবং পোশাক খাতের ৫৮.৬ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে ২১৪টি প্রতিষ্ঠানের হাতে।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের মোট অর্থনীতির প্রায় ৮০ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর নির্ভরশীল, যা নীতিনির্ধারণে আরও সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তারা ডিসিসিআইকে পরবর্তী জরিপে কৃষিখাত অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন এবং দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় সময়োপযোগী ও তথ্যনির্ভর নীতি প্রণয়নের ওপর জোর দেন।

এই জরিপ অনুযায়ী, ঢাকাকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম দেশের সামগ্রিক উন্নয়নের একটি চালিকা শক্তি হলেও আঞ্চলিক বৈষম্য, অবকাঠামোগত চাপ ও সুষম উন্নয়ন নিশ্চিত করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba