ঢাবির জহুরুল হক হলে ধূমপান ধরলেই জরিমানা, মাদক পেলে বহিষ্কার
- আপডেটেড: সোমবার ২৭ Oct ২০২৫
- / পঠিত : ১৭০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যদি ইয়াবা, গাঁজা, হেরোইনসহ কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণ করে, তাকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
সোমবার (২৭ অক্টোবর) হল প্রাধ্যক্ষের অফিস থেকে জারি করা এক নোটিশে এসব সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়েছে, হল প্রাঙ্গণে সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, হল প্রাঙ্গণে ধূমপান নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীকে যদি প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়, তবে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
এ ছাড়া, মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকসহ ডেকে এনে বহিষ্কার করার বিধান রাখা হয়েছে।
হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে নোটিশে সতর্ক করে জানিয়েছে, এই সিদ্ধান্ত কঠোরভাবে মানতে হবে, যাতে হল প্রাঙ্গণে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















