আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় রিজভীর ও রুমিন ফারহানা নাম নেই

  • আপডেটেড: মঙ্গলবার ০৪ Nov ২০২৫
  • / পঠিত : ৭৭ বার

বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় রিজভীর ও রুমিন ফারহানা নাম নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক মনোনয়ন তালিকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে ভার্চুয়ালি যুক্ত থেকে দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকেই প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত হয়।

দলীয় সূত্র জানায়, রুহুল কবির রিজভী আহমেদ কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে ঘোষিত তালিকায় ওই আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদ।

রুহুল কবির রিজভীর পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। রাজনীতিতে তার সূচনা হয় ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ এর মাধ্যমে। তিনি ছিলেন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জাসদ) গঠিত হলে তাতে যোগ দেন তিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক, পরে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে দলের মুখপাত্র ও আন্দোলন-সংগ্রামের সামনের সারির নেতাদের একজন হিসেবে পরিচিতি পান।

দলের সর্বশেষ ঘোষিত প্রাথমিক তালিকায় না থাকা বিষয়ে রিজভী আহমেদ বা বিএনপির কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন আপাতত খালি রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই দুই আসনে জোটগত সমন্বয় বা অতিরিক্ত প্রার্থী যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

রুমিন ফারহানা ২০১৯ সালে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাম্প্রতিক সময়েও বিএনপির পক্ষে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন।

দলের ঘোষিত এই প্রাথমিক তালিকা বিএনপির অভ্যন্তরে নতুন সমীকরণ তৈরি করেছে বলে জানা গেছে। তবে দলীয় নেতারা জানিয়েছেন, এটি কেবল প্রাথমিক তালিকা, পরবর্তীতে আরও কিছু পরিবর্তন হতে পারে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba