আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে ‘আমজনতা’ দলের তারেক

  • আপডেটেড: বুধবার ০৫ Nov ২০২৫
  • / পঠিত : ১৬১ বার

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে ‘আমজনতা’ দলের তারেক

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় নিজেদের দল ‘আমজনতা দল’ না থাকায় কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তিনি এই কর্মসূচি শুরু করেন।

এর আগে এদিন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণার পরই অনশনে বসেন তারেক রহমান। তিনি জানান, কী কারণে তাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, সে সম্পর্কে ইসি কোনো তথ্য দেয়নি। তারেক বলেন, ‘আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাবো নাকি কী করবো জানি না, মাথা কাজ করে না।’

তিনি অভিযোগ করেন, ইসির কাছে গেলে তাদের পাত্তা দেওয়া হয় না এবং ব্যক্তিগত সহকারী দিয়ে বিদায় করে দেওয়া হয়। তারেক রহমান বলেন, ‘আমাদের যে শর্তগুলো দেওয়া হয়েছিল, আমরা সাধ্যমতো সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু আমরা তো ছোট দল, এত টাকা কই পাবো? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর তাদের পছন্দ হচ্ছে না, তাই বাতিল করে দিয়েছে।’

নিবন্ধন পাওয়া একটি দলকে ইঙ্গিত করে তিনি ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, এমএলএম ব্যবসায়ীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

অনশন কর্মসূচির বিষয়ে তিনি আরও বলেন, ‘এখানেই আছি। যতক্ষণ সমাধান না হচ্ছে, যতক্ষণ দম আছে, অনশন চলবে।’

ইসি সচিব জানিয়েছেন, নিবন্ধন পাওয়া দলগুলোর বিষয়ে দাবি বা আপত্তি জানানোর সুযোগ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। সেই প্রক্রিয়া শেষে তাদের চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba