নিবন্ধন পেতে তারেকের দলকে আপিলের পরামর্শ নির্বাচন কমিশনের
- আপডেটেড: সোমবার ১০ Nov ২০২৫
- / পঠিত : ১৬১ বার

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে অনশনরত ‘আমজনতার দল’কে আপিল করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের আবেদন বাতিল হলেও নিয়ম অনুযায়ী আপিল বা সংশোধনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইসি সচিব অনশনরত তারেক রহমানকে কর্মসূচি প্রত্যাহার করে আপিল করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই।’
আপিল করার প্রক্রিয়া সম্পর্কে আখতার আহমেদ জানান, কমিশনের সচিব বা সিনিয়র সচিব বরাবর আবেদন করতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, এমনকি পরের দিনও আবেদন করা যাবে। তিনি আরও বলেন, কিছু শর্ত পূরণ না করায় কয়েকটি আবেদন বাতিল করা হয়েছে। কেউ এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। কমিশন সেই আবেদন বিবেচনা করবে কি না, তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) সামনে রাজনৈতিক কর্মসূচি পালন প্রসঙ্গে সচিব বলেন, এটি একটি সংবেদনশীল এলাকা। এখানে সবাইকে আইন ও নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
একই ব্রিফিংয়ে ইসি সচিব ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তনের ঘোষণা দেন। তিনি জানান, পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এটি ১৮ নভেম্বর উদ্বোধন করা হবে। বিশ্বের অধিকাংশ দেশে রোববার সাপ্তাহিক ছুটি থাকায় এই পরিবর্তন আনা হয়েছে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও কথা বলেন সচিব। তিনি জানান, নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত আচরণবিধি গেজেট আকারে প্রকাশিত হওয়ার পরই সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















