আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ: প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ও বিদেশে প্রচারণা

  • আপডেটেড: বুধবার ১২ Nov ২০২৫
  • / পঠিত : ৭০ বার

নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ: প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ও বিদেশে প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১০ নভেম্বর) রাতে ‘আচরণ বিধিমালা ২০২৫’ জারি করেছে। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেটে বলা হয়, পোস্টার ছাড়া ব্যানার, বিলবোর্ড বা অন্যান্য প্রচারসামগ্রী ব্যবহার করা যাবে, তবে তা হতে হবে পরিবেশবান্ধব। যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন, মশাল মিছিলসহ উত্তেজনাকর প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিল করা যাবে, আর অন্যান্য অপরাধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হবে। একই অপরাধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও দেড় লাখ টাকা অর্থদণ্ড দিতে হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, সব নির্বাচনী প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বাধ্যতামূলক। পলিথিন, রেকসিন বা অনুরূপ উপাদান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রচারণা চালানোর সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেল সীমার মধ্যে রাখতে হবে। প্রত্যেক প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার বিষয়ে লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে একত্রে নিয়ে একদিনে তাদের ইশতেহার পাঠের ব্যবস্থা করবেন। এছাড়া গণমাধ্যমে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

প্রচার-প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইসি জানিয়েছে, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার, ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য প্রচার, কারও চেহারা বিকৃত করা বা নির্বাচন সংক্রান্ত ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া প্রতিপক্ষ প্রার্থী, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে উসকানিমূলক বা ঘৃণামূলক ভাষা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba