আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের :বিএনপি

  • আপডেটেড: বুধবার ১২ Nov ২০২৫
  • / পঠিত : ১৩০ বার

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের :বিএনপি

অন্তর্বর্তী সরকার যেন জুলাই জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত না নেয়, এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, সনদে স্বাক্ষরকারীরা সম্মত সীমার বাইরে নেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, জুলাই সনদের বাইরে গিয়ে সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে তার দায়ভার একান্তই সরকারের নিজস্ব হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার বাইরে কোনো নতুন সিদ্ধান্ত সই করা বা ঘোষণা দেওয়া গ্রহণযোগ্য নয়। সনদ স্বাক্ষরকারীরা এমন সিদ্ধান্তের দায় নিতে বাধ্য নয়।

বিএনপির এই নেতা বক্তব্য আসে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরদিন। বৈঠকটি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ আরও বলেন, সরকারের কিছু উপদেষ্টা সম্প্রতি সনদের বাইরে গিয়ে নানা পরিবর্তনের কথা বলেছেন, যা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের প্রতি অবমাননাকর।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আশঙ্কা করছে, তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদের বাইরে গিয়ে অযৌক্তিক নতুন ইস্যু উত্থাপন করছে। সনদটি এক বছরেরও বেশি সময় ধরে আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে এবং তাতে কিছু দল ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত করলেও সেটি চূড়ান্ত রূপ পেয়েছে ঐকমত্যের ভিত্তিতে।

তিনি আরও বলেন, যেসব দল ভিন্নমত দিয়েছিল, তারা ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় এলে তাদের অবস্থান বাস্তবায়নের সুযোগ পাবে। কিন্তু বর্তমানে সরকারের কার্যক্রম সেই নোটের ভিত্তিতে চালানো যাবে না।

সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সেসব ভিন্নমত অন্তর্ভুক্ত ছিল না। তাই সরকার সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি সংলাপের আহ্বান জানায়, তাহলে আলোচনার সুযোগ থাকতে পারে, কিন্তু তা রাস্তায় নয়, আলোচনার টেবিলে।

লিখিত বক্তব্যে বিএনপি জানায়, প্রায় এক বছরব্যাপী আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জুলাই জাতীয় সনদটি প্রণয়ন হয়। এতে সব দল সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নের অঙ্গীকার করে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba