আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

হাইকোর্টে স্থায়ী হলেন ২২ বিচারপতি, শপথ নিলেন ২১ জন

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৩ Nov ২০২৫
  • / পঠিত : ৬৫ বার

হাইকোর্টে স্থায়ী হলেন ২২ বিচারপতি, শপথ নিলেন ২১ জন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার, রাষ্ট্রপতির আদেশক্রমে ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করার প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শপথ নিতে পারেননি। তিনি সুস্থ হওয়ার পর শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৯ অক্টোবর মোট ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী করা হলেও বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। তবে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, বয়স পূর্ণ হলে পরবর্তীতে তাকেও স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।

স্থায়ী নিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতি হলেন— বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।



নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba