হাসিনার রায়ের অপেক্ষায় জাতি: মির্জা ফখরুল
- আপডেটেড: মঙ্গলবার ১৮ Nov ২০২৫
- / পঠিত : ১৩৮ বার

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এ রায় নিয়ে জাতি অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এতে মির্জা ফখরুল লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’
তিনি আরও লেখেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’
শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের সব গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সেও সম্প্রচার হবে রায়ের কার্যক্রম। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় সরাসরি দেখার ব্যবস্থাও করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিকে রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















