হাসিনা-কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানালো বাংলাদেশ
- আপডেটেড: মঙ্গলবার ১৮ Nov ২০২৫
- / পঠিত : ২০৯ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের অন্য কোনো দেশ আশ্রয় দিলে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করা ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্ব।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও আত্মগোপনে চলে যান এবং পরে ভারতে দেখা গেছে। ভারত থেকে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার এর আগেও ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে, তবে এখন পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















