হাসিনার মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায়, জাতিকে সংযত থাকার আহ্বান সরকারের
- আপডেটেড: মঙ্গলবার ১৮ Nov ২০২৫
- / পঠিত : ১২৭ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়াকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দেশের নাগরিকদের শান্ত ও সংযত বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার (১৭ নভেম্বর) জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, রায়ের গভীর তাৎপর্য বিবেচনায় নিয়ে, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে শান্ত, সংযমী ও দায়িত্বশীল থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রায়ের পরবর্তী সময়ে কোনো ধরনের অশান্তি, উত্তেজনা, সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ হওয়া পরিবারগুলোর জন্য এই দীর্ঘ প্রতীক্ষিত রায় আবেগ উস্কে দিতে পারে। তবে কোনোভাবেই এ ধরনের আবেগে দিয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা যাবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকার আরও সতর্ক করে জানিয়েছে, যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে বা জনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে, তা কঠোরভাবে দমন করা হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















