গণভোটে রঙিন ব্যালট, পোস্টাল ভোটের সুবিধা থাকবে
- আপডেটেড: বুধবার ২৬ Nov ২০২৫
- / পঠিত : ১৩৯ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের জন্য একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এই বিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
গণভোটে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্ন থাকবে, যা পৃথক রঙিন ব্যালট পেপারে প্রদর্শিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রবাসীসহ চার শ্রেণির নাগরিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণভোট অধ্যাদেশ ও বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
এর আগে ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদক্ষেপগুলো তুলে ধরেন। ওই ভাষণের আগে উপদেষ্টা পরিষদ ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করে। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই আদেশ জারি করেন। এ নিয়ে নিশ্চিত হয় যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট একসাথে আয়োজন করা হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















