বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি
- আপডেটেড: সোমবার ০১ Dec ২০২৫
- / পঠিত : ১০১ বার

মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ এবং ১৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল দলটির।
রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ডিসেম্বরের ১-১৫ তারিখের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
এর পরিবরর্তে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীরা দোয়া করছেন, তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আজকে সর্বশেষ যতটুকু শুনেছি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসকদের কাছ থেকে শুনেছি (শারীরিক পরিস্থিতি) অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। এছাড়া তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি।’
খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন রিজভী। তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ জনগণকে দোয়া করার আহ্বান জানান তিনি।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















