খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি, বিএনপির কঠোর নির্দেশনা
- আপডেটেড: মঙ্গলবার ০২ Dec ২০২৫
- / পঠিত : ১১১ বার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন অথবা মেডিকেল বোর্ড ছাড়া অন্য কোনো সূত্রের তথ্য ব্যবহার করা যাবে না। সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমকে এ অনুরোধ জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।শায়রুল কবির খান বলেন, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বা চিকিৎসা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত হলে তা মেডিকেল বোর্ডের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে বেলা পৌনে ২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। গতকাল রবিবার রাত থেকে তার অবস্থার আরও অবনতি হয়েছে।
এই মন্তব্যের পর থেকেই গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
বিভ্রান্তি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সঠিক ও নিশ্চয়তা প্রাপ্ত তথ্য কেবল অধ্যাপক ডা. জাহিদ হোসেন বা মেডিকেল বোর্ড প্রদান করবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















