আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ফখরুল: খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

  • আপডেটেড: বুধবার ০৩ Dec ২০২৫
  • / পঠিত : ৫৯ বার

ফখরুল: খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝেই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো পর্যায়ে পৌঁছালে তা পর্যালোচনা করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এর আগে বিকেলে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই মন্তব্য করেন।

দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

তিনি আরও বলেন, তারেক রহমান ট্রাভেল পাস চাইলে তাৎক্ষণিক ইস্যু করা হবে এবং ফিরতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং গত রোববার রাতে হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা ‘সংকটময়’। চিকিৎসায় সহায়তার জন্য ইতিমধ্যে চীনের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

আজ যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের আসার কথা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন।

তিনি দুপুরে সাংবাদিকদের বলেন, ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিভিন্ন গুজব ছড়ানো হলেও তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার আপডেট নিচ্ছেন এবং দেশ-বিদেশের ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এক-এগারোর পর কারাগার থেকে মুক্তি পেয়ে ২০০৮ সালে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। তারপর থেকে তিনি আর দেশে ফেরেননি এবং লন্ডন থেকেই বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি তার দেশে ফেরার আলোচনা নতুন করে ত্বরান্বিত করেছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba