লন্ডন থেকে ঢাকার পথে জুবাইদা রহমান
- আপডেটেড: শুক্রবার ০৫ Dec ২০২৫
- / পঠিত : ১৪৮ বার

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জরুরিভিত্তিতে দেশে ফিরছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে বিমানে চড়েছেন। মূলত শাশুড়ির চিকিৎসার তদারকি ও সফরসঙ্গী হতেই তার এই আগমন।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে জুবাইদা রহমান ভ্রমণ করছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জুবাইদা রহমানের দেশে ফেরার বিষয়টি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, দেশনেত্রীকে কাতারের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই যাত্রায় শাশুড়ির পাশে থাকতেই জুবাইদা রহমান দেশে আসছেন। তিনি যথাসময়ে পৌঁছাতে পারলে খালেদা জিয়ার সঙ্গে তিনিও একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন।
এদিকে গত ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বাড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর গত রোববার ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তদারকি করতে লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার আরেক পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান ছাড়াও কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা থাকবেন। জুবাইদা রহমান ঢাকায় নামার পর পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে চিকিৎসার উদ্দেশ্যে চলতি বছরের জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ৬ মে তিনি দেশে ফিরেছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে, যা নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















