জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার আবাসিক হলের নাম পরিবর্তন
- আপডেটেড: শনিবার ০৬ Dec ২০২৫
- / পঠিত : ১৯৩ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারটির সদস্যদের নামে চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান। তিনি মুঠোফোনে বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ জাগরণী হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শেরেবাংলা এ কে ফজলুল হক হল’ এবং শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘নবাব সলিমুল্লাহ হল’ নামকরণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের এসব স্থাপনার নামফলক খুলে ফেলেন তাঁরা। পরে শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নাম আহ্বান করে প্রশাসন। শিক্ষার্থীদের দেওয়া নামের পরিপ্রেক্ষিতে একটি বাছাই কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশক্রমে গতকাল সিন্ডিকেট সভায় হলগুলোর নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু শব্দটি তুলে দেয় প্রশাসন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















