আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

  • আপডেটেড: মঙ্গলবার ০৯ Dec ২০২৫
  • / পঠিত : ১২০ বার

একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে।”

তিনি আরও বলেন, “আমি কয়েক দিন এলাকাতে ছিলাম। এই প্রথমবারের মতো নির্বাচনী ক্যাম্পেইনে গেলাম। সেখানে লক্ষ্য করলাম, জনগণ আমাদের লিফলেটের বিপরীতে দেওয়া দীর্ঘ ৩১ দফা সহজভাবে বোঝার জন্য চাইছে। তাই আমরা এগুলিকে সহজভাবে সাত-আটটি মূল পয়েন্টে উপস্থাপন করেছি। নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা—কঠিন শব্দগুলো না বলে জনগণ যাতে সহজে বুঝতে পারে, তা আমাদের লক্ষ্য।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, তাদের আগে জানতে হবে বাসস্টেশন কোথায়। জনগণ এগুলো বুঝতে চায়। আমরা যা করছি তা হচ্ছে পরিকল্পনা। Planning is half of the job. If you don’t plan, you are planning to fail।”

তিনি যুক্ত করেন, “আমাদের ধর্মব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্য স্পষ্ট। তারা শুধু ধর্মের নামে ভোট চাইছে, কিন্তু ইহকালে কিভাবে চলবে, সে বিষয়ে কোনো বক্তব্য নেই। কিছুদিন আগে খুলনায় একটি বন্ধু যোগদান করেছে, তারা এখন একই কথা বলছে। যাদের নীতি ও পরিকল্পনা নেই, তারা ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ ইতোমধ্যে তাদের মুখোশ উন্মোচিত করেছে।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল—যার ভিত্তি স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন—আমাদের অহংকার। আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বিবেচনা করলে, পাঁচ মিনিটের মধ্যে বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জন্য কি করে।”

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “কিছু রাজনৈতিক দল ভোটের জন্য ধর্মের কথা বলছে। তারা মানুষের মন বিভ্রান্ত করছে। জামায়াত ধর্মের নামে ব্যবসা করছে। জনগণ ইতোমধ্যেই তাদের মুখোশ চিনে ফেলেছে।”


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba