আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

সৌদির উত্তরাঞ্চলে তুষারপাতের পূর্বাভাস, কাসিমে রেড অ্যালার্ট

  • আপডেটেড: শুক্রবার ১৯ Dec ২০২৫
  • / পঠিত : ৪২ বার

সৌদির উত্তরাঞ্চলে তুষারপাতের পূর্বাভাস, কাসিমে রেড অ্যালার্ট

 মরুর দেশ সৌদি আরবের উত্তরাঞ্চলে তুষারপাতের শুভ্রতা ছড়িয়ে পড়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বিশেষ করে তাবুক ও হাইলের উঁচু স্থানগুলোতে তুষারপাত হতে পারে। এর ফলে ওইসব এলাকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।ইতোমধ্যে কাসিম অঞ্চলসহ বেশ কিছু এলাকায় চরম আবহাওয়ার সতর্কতা সংকেত বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তুষারপাতের পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।সৌদি আরবে শীতকালে এমন আবহাওয়া খুব একটা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির একজন বিশিষ্ট জ্যোতির্বিদ। তাইফ অ্যাস্ট্রোনমিক্যাল সানডায়ালের বিশেষজ্ঞ ও আরব স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস ইউনিয়নের সদস্য মোহাম্মদ বিন রিদ্দাহ আল-থাকাফি জানান, প্রতি বছরই শীতের মৌসুমে দেশটির উত্তরাংশে তুষারপাত হয়ে থাকে। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই দৃশ্য দেখা যায়।

বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তুষারপাত ও বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই চালক ও ভ্রমণকারীদের ট্রাফিক আইন মেনে সাবধানে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।

তুষারপাতের সম্ভাব্য স্থানগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আসিরের আবহা পার্বত্য এলাকা, হাইলের জাবাল আজা ও জাবাল সালমা এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের আরার। এছাড়াও আল-জৌফের সাকাকা ও দুমাত আল-জান্দাল এবং তাবুকের জাবাল আল-লাউজ, আলাকান ও আল-ধাহর এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। মূলত ভূমধ্যসাগরীয় আবহাওয়ার প্রভাবে এই পরিবর্তনগুলো ঘটে থাকে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba