আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদির বিশেষ ‘শীতলীকরণ ইহরাম’ চালু

  • আপডেটেড: মঙ্গলবার ২৩ Dec ২০২৫
  • / পঠিত : ১১৬ বার

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদির বিশেষ ‘শীতলীকরণ ইহরাম’ চালু

তীব্র গরমে হজ ও ওমরাহ পালনকে আরও আরামদায়ক ও সহজ করতে প্রথমবারের মতো বিশেষ প্রযুক্তিসম্পন্ন ইহরাম চালু করেছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। ‘দ্য কুলেস্ট ইহরাম’ নামের এই বিশেষ পোশাকটি পরিধানকারীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। সম্প্রতি দ্য ইসলামিক ইনফরমেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ল্যান্ডর ও কুলিং ফেব্রিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বিআরআরআর-এর সঙ্গে যৌথভাবে এই উদ্ভাবনী পোশাকটি তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে বিশেষ কুলিং মিনারেল বা খনিজ উপাদান এবং উন্নত প্রযুক্তির কাপড়, যা দ্রুত ঘাম শুষে নিতে এবং শুকাতে সক্ষম। পরিবেশভেদে এই কাপড় শরীরের ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে, যা প্রচণ্ড গরমে ইবাদত পালনে যাত্রীদের স্বস্তি দেবে।

এ ছাড়া বিশেষ প্রযুক্তির এই কাপড়ে রয়েছে সূর্যরশ্মি প্রতিরোধ ক্ষমতা বা ইউপিএফ ৫০ প্লাস, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেবে। নারী ও পুরুষ উভয় হজযাত্রীর জন্য ইহরামের যাবতীয় ধর্মীয় শর্ত মেনেই এটি তৈরি করা হয়েছে। ইসলামী ইবাদতকালীন পোশাকে এটিকে প্রথম বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সৌদি এয়ারলাইন্সের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইসাম আখনবাই এ বিষয়ে বলেন, ‘এই উদ্যোগ হজযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো যাত্রীদের সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করা, যাতে তারা তাদের যাত্রার মূল উদ্দেশ্যে অর্থাৎ ইবাদতে পুরো মনোযোগ দিতে পারেন।’ হজ ও ওমরাহ পরিবহনে শীর্ষস্থানীয় সেবাদাতা হিসেবে সৌদিয়া এয়ারলাইন্সের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

২০২৫ সালের এপ্রিল মাসে বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবসে এই ‘কুলেস্ট ইহরাম’ উন্মোচন করা হয়। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটন উন্নয়নে এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সৌদি সরকার বার্ষিক ৬০ লাখ হজযাত্রী এবং ৩ কোটি ওমরাহ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba