জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
- আপডেটেড: সোমবার ২১ Sep ২০২৬
- / পঠিত : ৭ বার

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনসাধারণকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সোমবার(২১ সেপ্টেম্বর ) রাজধানীর মিরপুরস্থ আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দেশের সর্বস্তরের মানুষের ওপর পড়ে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধি পায়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও বেড়ে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা থাকে। তারা বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম সংকটে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে।
কোন রকম অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষে দলীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এ বৈঠকে খাস কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী। বৈঠকে ফলপ্রসূ সাংগঠনিক আলোচনা হয় এবং কিছু কর্মপরিকল্পনাও গৃহীত হয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















