আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলি পর্যটকদের আচরণে বিরক্ত, থাইল্যান্ডে দোকানে দোকানে ‘নো ইসরায়েল’ সাইনবোর্ড

  • আপডেটেড: মঙ্গলবার ০৪ Nov ২০২৫
  • / পঠিত : ১৩০ বার

ইসরায়েলি পর্যটকদের আচরণে বিরক্ত, থাইল্যান্ডে দোকানে দোকানে ‘নো ইসরায়েল’ সাইনবোর্ড

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কো ফাংগানে ইসরায়েলি পর্যটকদের অশোভন আচরণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। তাদের বিরুদ্ধে অনৈতিক ব্যবসা পরিচালনা, সাংস্কৃতিক অসৌজন্য এবং নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে, যার ফলে অনেক স্থানীয় ব্যবসায়ী এখন প্রকাশ্যে ‘নো ইসরায়েল’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এই ঘটনাটি দ্বীপের পর্যটন শিল্পে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

দক্ষিণ থাইল্যান্ডের এক রেস্তোরাঁর মালিক বব জানান, পর্যটন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি কখনও এত বিশৃঙ্খল ও অসম্মানজনক আচরণ দেখেননি। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি পর্যটকদের মধ্যে টিস্যু ও মশলা চুরি, বিনা অনুমতিতে বসার জায়গা দখল করা এবং খাবার না কিনেও আসন ধরে রাখার মতো ঘটনা প্রায়ই ঘটে। বিরক্ত হয়ে একদল ইসরায়েলি পর্যটককে বের করে দেওয়ার পর তার রেস্তোরাঁর ওপর চার হাজারের বেশি নেতিবাচক রিভিউ দেওয়া হয়, যাতে রেটিং চার দশমিক আট থেকে দুই দশমিক দুইয়ে নেমে আসে। বব বলেন, ‘এই আচরণ এক-দুই জনের নয়, অনেক ইসরায়েলি পর্যটকের মধ্যেই এই ধারা দেখা যায়। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ও বর্ণনা শেয়ার করছেন। একটি ভিডিওতে দেখা যায়, নিয়ম না মানায় এক ইসরায়েলি নারীকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হলে তিনি কর্মীকে বলেন, ‘আমার টাকাতেই তোমাদের দেশ চলে।’

স্থানীয়দের অভিযোগ, কেবল অশোভন আচরণই নয়, অনেক ইসরায়েলি পর্যটক অবৈধভাবে বাড়ি ভাড়া, রেস্তোরাঁ, পর্যটন ও মোটরবাইক ভাড়ার ব্যবসা করে স্থানীয়দের সঙ্গে অসম প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। দ্বীপের স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দুই শতাধিক স্বাক্ষরসহ একটি আবেদনপত্র সারাত থানি প্রদেশের গভর্নরের কাছে জমা দিয়েছেন। আবেদনে তারা ‘ইসরায়েলিদের বেআইনি কর্মকাণ্ডে স্থানীয় সমাজের ক্ষতি হচ্ছে’ বলে উল্লেখ করেছেন।

কো ফাংগানের সহকারী গ্রামপ্রধান আপিওয়াত শ্রীওয়াচারাপর্ন জানান, ‘বিদেশিদের অবৈধ ব্যবসা এখন বড় উদ্বেগের কারণ। তারা পর্যটক হিসেবে থাকলে সমস্যা নেই, কিন্তু ব্যবসা করলে তা বৈধভাবে করতে হবে।’

থাইল্যান্ডের অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে কো ফাংগান দ্বীপে আট হাজার বিদেশি ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন, যার মধ্যে দুই হাজার ৬২৭ জনই ইসরায়েলি নাগরিক। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল নাগাদ থাইল্যান্ডে ইসরায়েলি পর্যটকের সংখ্যা সাড়ে তিন লাখে পৌঁছাবে, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।

সিনাখারিনওয়িরোট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. মানোচ আরি জানান, ২০২৩ সালে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর থাইল্যান্ড ইসরায়েলিদের অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, অতীতে থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী মনোভাব না থাকলেও বর্তমানে স্থানীয় সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা ও অর্থনৈতিক শোষণের কারণে জনমনে ক্ষোভ বাড়ছে। ড. আরি আরও জানান, কিছু সংস্থা ইসরায়েলি সেনাদের পুনর্বাসনের জন্য থাইল্যান্ডে আনছে, যাদের সঙ্গে ইসরায়েলের সামরিক শিল্পের যোগাযোগ রয়েছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগও তৈরি করছে।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba