১৩ নভেম্বর হাসিনার মামলার রায়কে ঘিরে জাতীয় ঈদগাহে প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেটেড: মঙ্গলবার ১১ Nov ২০২৫
- / পঠিত : ১৬৬ বার

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সম্প্রতি নিরাপত্তাজনিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন এ মাসের ১৩ তারিখ নির্ধারণ করা হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরে সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান হিসেবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এবং হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করে থাকেন। এখানে সংরক্ষিত রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও আলোচিত বহু মামলার নথি, যা রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত।
তবে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগতদের অচেনা আনাগোনা বেড়ে গেছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে, সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















