খেলাপি ১ হাজার ৩২২ কোটি টাকা: নিলামে উঠছে বেক্সিমকোর বেল টাওয়ারসহ একাধিক সম্পদ
- আপডেটেড: বুধবার ২৬ Nov ২০২৫
- / পঠিত : ১২৭ বার

খেলাপি ঋণ আদায়ে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো লিমিটেডের হাজার কোটি টাকার সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। প্রতিষ্ঠানটির রাজধানীর ধানমণ্ডিস্থ করপোরেট অফিস ‘বেল টাওয়ার’সহ একাধিক কারখানা ও জমি বিক্রি করে সুদসহ ১ হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায় করা হবে।
মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক। বিজ্ঞপ্তিতে আগ্রহী ক্রেতাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নিলামের তালিকায় থাকা সম্পদের মধ্যে রয়েছে গাজীপুরের ৩,৫২৭ ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ার ১৪৬.৬৫ ডেসিমেল জমি এবং নারায়ণগঞ্জের ৪৪০ ডেসিমেল জমি। এর পাশাপাশি ১৫ তলা বিশিষ্ট করপোরেট অফিস বেল টাওয়ারও রয়েছে।
এই নিলামের ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বেক্সিমকোর কয়েকটি নিষ্ক্রিয় টেক্সটাইল ইউনিট পুনরায় চালুর জন্য দুটি আন্তর্জাতিক সংস্থা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ ‘রিভাইভাল’ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ইকোমিলি’ জানায়, আলোচনা চলমান থাকা অবস্থায় জনতা ব্যাংকের এই আকস্মিক সিদ্ধান্তে তারা স্তম্ভিত।
প্রতিষ্ঠান দুটি এক বিবৃতিতে উল্লেখ করে, দীর্ঘদিনের ঋণ সংকটে বন্ধ থাকা কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে তারা লিজ চুক্তির প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনার অগ্রসর পর্যায়ে ছিল। এমনকি এ বিষয়ে স্থানীয় শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে তাদের মতবিনিময়ও সম্পন্ন হয়েছিল।
আন্তর্জাতিক সংস্থা দুটি এই নিলাম প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বিদেশে থাকা দক্ষ বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আসা সম্ভাব্য বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। একইসঙ্গে এটি বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া নতুন আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা মনে করছে।
এর আগে গত ২১ নভেম্বর জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপের আরও তিনটি প্রতিষ্ঠানের সম্পদ নিলামে তোলার বিজ্ঞপ্তি দিয়েছিল। ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের দুটি ইউনিট, আরবান ফ্যাশনস এবং অ্যাপোলো অ্যাপারেলসের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকার বেশি। এছাড়া অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের ১ হাজার ১৩৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়েও প্রতিষ্ঠানটির সম্পদ নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















