হাদির ওপর হামলা: র্যাবের জালে মূল অভিযুক্তের সঙ্গী
- আপডেটেড: মঙ্গলবার ১৬ Dec ২০২৫
- / পঠিত : ১৬০ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ব্যক্তির নাম কবির। তিনি এই মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি জানান, হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কবিরকে আইনের আওতায় আনা হয়েছে। র্যাব এই ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বক্স-কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। হামলার পর জানা যায়, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম বেশ কিছুদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন বলে বিভিন্ন সূত্রে উঠে এসেছে। পুলিশ তাকে ধরিয়ে দেওয়ার জন্য নাগরিকদের সহায়তা চেয়েছে।
হামলার পরপরই হাদিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















