আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৮ Jan ২০২৬
  • / পঠিত : ৪৮ বার

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

রাজধানীতে আবারও রাজনৈতিক সহিংসতার রক্তাক্ত ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই গুলির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলির ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের এই হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba