পাকিস্তানে বৈঠকে বসছেন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, লক্ষ্য যুদ্ধ থামানো
- আপডেটেড: রবিবার ২৯ Mar ২০২৬
- / পঠিত : ১০০ বার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে জোর কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চপর্যায়ের এক বৈঠক শুরু হতে যাচ্ছে। আগামী রবিবার (২৯ মার্চ) থেকে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেবেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আল-জাজিরা, ডন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের সফরে ইসলামাবাদ যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিসরের বদর আবদেলাত্তি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিতব্য এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানো, কূটনৈতিক সমন্বয় জোরদার এবং বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
বৈঠকের পাশাপাশি সফররত পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এতে চলমান সংকট মোকাবিলায় সমন্বিত কৌশল নির্ধারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্রিয় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, সম্প্রতি এক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখানে আস্থা তৈরির মাধ্যমে আলোচনার পথ সুগম করার ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শাহবাজ শরিফ, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















