মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি
- আপডেটেড: সোমবার ১৪ Sep ২০২৬
- / পঠিত : ২৫ বার

ভারতের পশ্চিমবঙ্গে শত শত মাদরাসা নিয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যটিতে জরিপ ও পর্যালোচনার পর আড়াই শতাধিক মাদরাসা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ‘গুরুতর অনিয়মের’ অভিযোগে আরও ১০০টি মাদরাসাকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। বৈধ অনুমোদনের প্রমাণ দিতে না পারলে এসব প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
প্রতিবেদন অনুযায়ী, বন্ধের নির্দেশ দেয়া ২৫২টি মাদরাসার বেশিরভাগই খারিজি সম্প্রদায়ের। এর মধ্যে মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদরাসা রয়েছে।
সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু সতর্ক করে বলেছেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে হবে। তা না হলে সেগুলো বন্ধ করে দেয়া হবে।
এর আগে রাজ্যের স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার সংখ্যা নির্ধারণে গত জুন মাসে রাজ্যজুড়ে জরিপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সংখ্যালঘুবিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তর কলকাতা এবং রাজ্যের আরও ২২টি জেলায় জরিপ চালায়। এতে মাদরাসাগুলোর পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও সংগঠন, অর্থের উৎস এবং নিবন্ধনের অবস্থা খতিয়ে দেখা হয়।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















