আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

মির্জা ফখরুল: মিথ্যা মামলায় নিজামী-মীর কাসেম-সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

  • আপডেটেড: শনিবার ২৫ Oct ২০২৫
  • / পঠিত : ১০৭ বার

মির্জা ফখরুল: মিথ্যা মামলায় নিজামী-মীর কাসেম-সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বহু আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত এর ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াতের আমীর নিজামী, মীর কাসেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরসহ বহু আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব ঘটনা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি বলেন, এই দেশবাসী চায় একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের এক দুঃসময়। তখন বহু সাংবাদিক বেকার হয়েছিলেন, কেউ কেউ রাস্তায় হকারি করতে বাধ্য হয়েছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba