আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

  • আপডেটেড: রবিবার ২১ Dec ২০২৫
  • / পঠিত : ৮১ বার

চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তার দাফন সম্পন্ন হয়।


এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজার ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।


জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ওসমান হাদি তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। নির্বাচন কীভাবে করতে হয়, তারও একটা প্রক্রিয়া তুমি জানিয়ে গেছ। প্রচারণার ভঙ্গি ও মানুষের কাছে যাওয়ার যে শিক্ষা তুমি দিয়ে গেছ, আমরা তা গ্রহণ করলাম। হাদি কোথাও হারিয়ে যাবে না, কেউ তোমাকে ভুলতে পারবে না।


ড. ইউনূস হাদির আদর্শকে জাতির জন্য পাথেয় হিসেবে উল্লেখ করে বলেন, তুমি আমাদের কানে এমন এক মন্ত্র দিয়ে গেছ যা চিরদিন বাজবে। সেই মন্ত্র হলো- আমরা দুনিয়ার সবার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথানত করবো না। আমরা তোমার সেই মন্ত্র রক্ষা করে যাবো।
সকাল থেকেই হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সাধারণ মানুষের ঢল নামে।

দাফন শেষে শহীদ ওসমান হাদির কবরের পাশে তার পরিবারের সদস্য, সহযোদ্ধা ও রাজনৈতিক নেতারা মোনাজাতে অংশ নেন।

 

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba